দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর সেনবাগে ‘সুন্দরপুর-৪’ নামে একটি মূল্যায়ন-কাম-উন্নয়ন গ্যাস কূপের খনন কাজ শুরু করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।
প্রাথমিক মূল্যায়নে কূপটি থেকে দৈনিক ৫ থেকে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বাপেক্সের উপ-মহাব্যবস্থাপক (ড্রিলিং) ও কূপটির ড্রিলিং ইনচার্জ জাকির হোসেন খান বুধবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মঙ্গলবার দুপুর থেকে আনুষ্ঠানিকভাবে খনন কার্যক্রম শুরু হয়েছে।
বাপেক্সের কর্মকর্তারা জানান, কূপটি সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে অবস্থিত। তবে এটি সুন্দরপুর গ্যাস ফিল্ডের একই ভূগর্ভস্থ রিজার্ভের অংশ হওয়ায় এর নাম রাখা হয়েছে ‘সুন্দরপুর-৪’। এর আগে কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর এলাকায় সুন্দরপুর-১, ২ ও ৩ নম্বর কূপ খনন করা হয়েছিল।
নতুন কূপটি সুন্দরপুর-২ কূপ থেকে প্রায় ১২ থেকে ১৩ কিলোমিটার দূরে হলেও একই গ্যাস রিজার্ভের অন্তর্ভুক্ত হওয়ায় এ নামকরণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জাকির হোসেন খান বলেন, কূপটির লক্ষ্যমাত্রিক গভীরতা প্রায় ১ হাজার ৬০০ মিটার। এর মধ্যে প্রায় ১ হাজার ৩৬১ মিটার গভীরে সম্ভাব্য গ্যাস স্তর রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তার ভাষ্য, আগামী দুই মাসের মধ্যে খনন কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। এরপর ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) সম্পন্ন করতে আরও ১৫ থেকে ২০ দিন লাগবে। সব মিলিয়ে আড়াই মাসের মধ্যে কূপটির চূড়ান্ত ফলাফল জানা যেতে পারে।
তিনি বলেন, এখনই কূপটির মোট গ্যাসের মজুত নির্ধারণ করা সম্ভব নয়। তবে আশপাশের কূপগুলোর তথ্য বিশ্লেষণ করে বাপেক্স আশা করছে, এ কূপ থেকে প্রতিদিন ৫ থেকে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে।
বাপেক্স সূত্র জানায়, জমি অধিগ্রহণ ও অবকাঠামো উন্নয়নের কাজ শেষ করে গত এপ্রিলের শেষ দিকে কূপ এলাকায় রিগ স্থাপন করা হয়। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে খনন শুরু হয়েছে। কূপটি সফল হলে জাতীয় গ্যাস গ্রিডে নতুন করে গ্যাস সরবরাহে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
যে আই